কাতার জানিয়েছে, ইরান তাদের লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র দুটির একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। অন্যটি দোহা শহরের উপকণ্ঠে অবস্থিত আল-উদেইদ এলাকায় যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হানে।
কাতার বলেছে, হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটি ঘাঁটির ঠিক কোন অংশে আঘাত করেছে বা এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আল-উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনাগুলোর একটি। এটি কাতার ও যুক্তরাজ্যের বাহিনীও ব্যবহার করে থাকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা ও বেসামরিক কর্মী অবস্থান করেন। ঘাঁটিটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কমান্ড কেন্দ্র হিসেবেও কাজ করে।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান এই ঘাঁটিতে আঘাত হেনেছিল বলে জানা যায়। ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায়ও তারা এই পদক্ষেপ নিয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের আঞ্চলিক কমান্ড সেন্টকমের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা শহরে অবস্থিত।