দেশের বাজারে মোটা চালের দাম বাড়ার খবর সামনে আসার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, খুচরা বাজারে মোটা চালের মূল্যবৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলা হয়। নির্দেশনার পর বাজারে দ্রুতই ইতিবাচক পরিবর্তন দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রীর ছবি ও অভিনন্দন বার্তাসংবলিত যে বিজ্ঞাপনগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে প্রদর্শিত হচ্ছিল, সেগুলোও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি এলইডি স্ক্রিনে নিজের ছবি ও শুভেচ্ছা বার্তা দেখতে পেয়ে তা অপসারণের নির্দেশ দেন তিনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।