ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা যাত্রীদের জন্য ব্যাপক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলো আকাশসীমা বন্ধ করে দেওয়ায় বেশ কিছু ফ্লাইটের উড্ডয়নের সময় পরিবর্তন হলেও, অধিকাংশ ফ্লাইটের যাত্রা এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে যাত্রীরা সঠিক তথ্য পাচ্ছেন না এবং অনেকেই উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, “২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ৩ দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।”
বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ২৩টি ফ্লাইট বাতিল হয়, যার মধ্যে এমিরেটস, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার অ্যারাবিয়া, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল।
১ মার্চ (রোববার) বাতিল হয় ৪০টি ফ্লাইট, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল এমিরেটস, গালফ এয়ার, কাতার এয়ারওয়েজ, ইউএস-বাংলা এবং বিমানের ফ্লাইট।
এছাড়া, ২ মার্চ (সোমবার) ১১টি ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে কাতার এয়ারওয়েজ, এমিরেটস এবং গালফ এয়ারের ফ্লাইট রয়েছে।