ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডকে ভয়াবহ ও ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে এর কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনার প্রতিশোধ না নিয়ে তা কখনোই ছেড়ে দেওয়া হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড ইসলামী বিশ্ব ও শিয়া ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে এবং খামেনির রক্ত বৃথা যাবে না। ইরান তার সব শক্তি ও দৃঢ়তা নিয়ে এ ঘটনার পরিকল্পনাকারী ও দায়ীদের অনুতপ্ত করতে পদক্ষেপ নেবে। এ লড়াইয়ে ইসলামী জাতি এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের সমর্থনের কথাও উল্লেখ করা হয়েছে।
খামেনির মৃত্যুকে কেন্দ্র করে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাত দিনের সরকারি ছুটিও দেওয়া হয়েছে এবং এই সময়জুড়ে রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।