সাতক্ষীরায় নার্সিং ভর্তি পরীক্ষা আশানুরূপ না হওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছেন আমেনা খাতুন (২০) নামে এক কলেজছাত্রী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শহরের কাঠিয়া দাসপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আমেনা খাতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি নার্সিং ভর্তি পরীক্ষায় ২৭ ফেব্রুয়ারি অংশ নিয়েছিলেন। পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তার মা বকাবকি করলে, ওই অভিমানেই আমেনা ঘরের ভেতর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
তার বান্ধবী সাদিয়া সুলতানা জানান, “সকালে শুনলাম, রাতে আমেনার পেটে ব্যথা করছিল এবং ঠিকমতো খাওয়া-দাওয়া করছিল না। তার মায়ের বকাবকির কারণে তিনি মানসিকভাবে অস্থির ছিলেন। এরপর দুপুরে জানতে পারি, সে মারা গেছে।”
তবে আমেনার মা আয়েশা খাতুন এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। পরীক্ষা দিয়ে ভালোভাবেই বাসায় ফিরে এসেছিল। রাতে সেহরি করেছে, নামাজ পড়েছে। আমি নতুন বাসার কাজ দেখতে গিয়েছিলাম, ফিরে এসে দরজা বন্ধ দেখলাম। মৃত্যুর কারণ বুঝতে পারছি না।”
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”