নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাদিয়া পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে হঠাৎ নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সোনাইমুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি উল্লেখ করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।