নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার আহম্মদ আলী দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। আহম্মদ আলী দেওয়ান সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারের খবর জানানো হয়।
চিঠিতে বলা হয়, “আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। আপনার কার্যকলাপ দলীয় গঠনতন্ত্র পরিপন্থী এবং এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।”
এদিকে, এই মামলায় বৃহস্পতিবার পুলিশ আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের অভিযোগ ধামাচাপা দিতে সালিশ বৈঠকের আয়োজন এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে আহম্মদ আলী দেওয়ানের বিরুদ্ধে।