নরসিংদীর মাধবদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও জেলা পুলিশের যৌথ দল। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার কোতালিচর হোসেন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. এবাদুল্লাহ (৪০), মো. আইয়ুব (৩০), আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ আলী দেওয়ান (৬৫) ও মো. ইমরান দেওয়ান (৩২)। তারা সবাই স্থানীয় এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি ১৫ বছর বয়সী ওই কিশোরীকে প্রেমের সম্পর্কের জেরে ফুসলিয়ে কোতালিচর হোসেন বাজার এলাকায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিচারের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেন। পরবর্তীতে ২৫ ফেব্রুয়ারি রাতে বাবার সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করা হয়। পরদিন সকালে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেফতারে অভিযান চলছিল। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।