রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকার কাদের মণ্ডলের মোড় এলাকায় ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা সরকার পাখি (২১) প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের সঙ্গে ওই বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি সাপাহার উপজেলা, নওগাঁ।
পুলিশ জানায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রোজিনা তার ফেসবুক আইডিতে একাধিক আবেগঘন পোস্ট দেন, যেখানে আত্মহত্যার ইঙ্গিত ছিল। একটি পোস্টে তিনি লেখেন, “আজকে আমার শেষ দিন… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই।” মৃত্যুর দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।” প্রেমিকের উদ্দেশে “আই লাভ ইউ” ও “আই মিস ইউ” লিখেও বার্তা দেন।
রাজপাড়া থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্পর্কজনিত মনোমালিন্যের জেরে তিনি আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভ চলাকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।