প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। নতুন এই নিয়োগের মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাটির নেতৃত্বে পরিবর্তন এলো।
২৯তম বিএমএ লং কোর্সে দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা বর্তমানে নিজ কোর্সের শীর্ষ অবস্থানে রয়েছেন। পেশাগত দক্ষতা বাড়াতে তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার স্টাফ কোর্স সম্পন্ন করেছেন। পাশাপাশি তুরস্কে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তানে গানারি স্টাফ কোর্সে অংশ নিয়ে বিশেষায়িত সামরিক প্রশিক্ষণ অর্জন করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে তিন বছরের বেশি সময় ডিরেক্টিং স্টাফ ও প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া স্কুল অব আর্টিলারিতে একাধিক মেয়াদে প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন।
২০১৯ সালে তিনি জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন। তাঁর সেই সময়ের কর্মদক্ষতায় শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয় বলে সংশ্লিষ্টরা মনে করেন। নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গোয়েন্দা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।