বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে তাঁর স্থলে মো. মোস্তাকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় দেশের কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদে এই পরিবর্তন এলো। ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী প্রশাসন দায়িত্ব নেয় এবং একই বছরের ১৪ আগস্ট আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যেই তাঁর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আবদুর রউফ তালুকদার, যিনি সরকার পরিবর্তনের পর আর প্রকাশ্যে আসেননি।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান ১৯৬৬ সালের ১২ মে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিজ্ঞ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ও সফল উদ্যোক্তা। পেশাগত জীবনে তাঁর ৩৩ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থা ব্যবস্থাপনায় তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে অ্যাকাউন্টিং বিষয়ে বি.কম সম্মান এবং ১৯৮৮ সালে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯২ সালে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) সম্পন্ন করেন।
নতুন গভর্নরের নিয়োগের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণ ও আর্থিক খাতের ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।