মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় মো. জিয়াউর রহমান (৩৮) নামের এক উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার কেউটখালী এলাকায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে একটি খাল খনন প্রকল্প পরিদর্শন শেষে তিনি অফিসে ফিরছিলেন। পথিমধ্যে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ছিটকে পড়ে রেললাইনের পাশে পড়ে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জিয়াউর রহমান দীর্ঘদিন ধরে শ্রীনগর উপজেলা কৃষি অফিসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ঢাকার ধামরাই এলাকায়। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি শ্রীনগরে ভাড়া বাসায় বসবাস করতেন।
আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।