কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা মাদক ব্যবসা বন্ধের ঘোষণা দেওয়ার পর স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া শহরের চর আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে রোববার রাতেও মাদকবিরোধী ঘোষণাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর উত্তর চর আমলাপাড়া জামে মসজিদে মাদক নির্মূলের দাবিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইমাম তরিকুল ইসলামের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে এলাকায় মাদক ব্যবসা বন্ধের আল্টিমেটাম দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।
ঘোষণার জেরে রোববার রাতে শহর যুবদলের এক নেতার দোকানে হামলার অভিযোগ ওঠে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে উত্তেজিত জনতা মাদক ব্যবসার অভিযোগে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, মাদক ব্যবসা সংক্রান্ত উত্তেজনা থেকে কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।