নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাবিচা (জাবরীপাড়া) গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— অনুপ সরেণ (২০), চিরঞ্জন হাসদা (১৯) ও প্রশান্ত স্বরেণ (১৯)। তারা সবাই নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার অনুযায়ী, গত ২০ ফেব্রুয়ারি ভাবিচা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী তরুণী তার স্বজনদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যান।
অভিযোগে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়। পরে অন্য দুইজনের সহযোগিতায় তাকে একটি নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
একপর্যায়ে তরুণী নিজেকে উদ্ধার করে দৌড়ে বিয়ের বাড়িতে ফিরে আসেন এবং স্বজনদের বিষয়টি জানান।
ঘটনার পর নিয়ামতপুর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তদের নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করেন।
নিয়ামতপুর থানার ওসি জানান, গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তদন্তের স্বার্থে তাদের জেল হাজতে রাখার আবেদন করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।