সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া “প্যারাসিটামল চ্যালেঞ্জ” নিয়ে স্পেনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
“প্যারাসিটামল চ্যালেঞ্জ”–এর কারণে যুক্তরাষ্ট্রে ১১ বছরের এক শিশুর সম্ভাব্য মৃত্যু হয়েছে এবং স্পেনে ১৪ বছরের নিচের কয়েকজন কিশোর-কিশোরী গুরুতর বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে।
এই চ্যালেঞ্জে অংশ নেওয়া তরুণরা ইচ্ছাকৃতভাবে অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল খায়। এত বেশি ওষুধ খাওয়ার ফলে মারাত্মক লিভারের ক্ষতি, শরীরের টিস্যু নষ্ট হয়ে যাওয়া (নেক্রোসিস) এমনকি মৃত্যুও হতে পারে।
মালাগার আঞ্চলিক হাসপাতাল জানিয়েছে, এই চ্যালেঞ্জের সঙ্গে সম্পর্ক থাকতে পারে এমন গুরুতর বিষক্রিয়ার কারণে কয়েকজন নাবালককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে লক্ষ্য থাকে—কে বেশি দিন হাসপাতালে ভর্তি থাকতে পারে। এটি এক ধরনের প্রতিযোগিতা হিসেবেই তারা নিচ্ছে, যা চিকিৎসকদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মালাগার আঞ্চলিক হাসপাতাল শিশুদের মধ্যে এই বিপজ্জনক ট্রেন্ড শনাক্ত করার পর পরিবারগুলোর জন্য সতর্কবার্তা দিয়েছে। এই চ্যালেঞ্জে অংশ নেওয়া কিশোররা ইচ্ছাকৃতভাবে বেশি পরিমাণ প্যারাসিটামল খায় এবং কে বেশি দিন হাসপাতালে থাকতে পারে তা নিয়ে প্রতিযোগিতা করে। চিকিৎসকদের মতে, কিছু ক্ষেত্রে ১০ গ্রাম পর্যন্ত ওষুধ খাওয়ার ঘটনাও পাওয়া গেছে, যা প্রাণঘাতী হতে পারে।
চিকিৎসকরা জানান, স্বাভাবিকভাবে দিনে ৪ গ্রামের বেশি প্যারাসিটামল শরীরের জন্য বিষাক্ত হয়ে যায়। বেশি মাত্রায় খেলে প্রথমে সাধারণ সমস্যা মনে হলেও কয়েক দিনের মধ্যে হঠাৎ লিভার বিকল হয়ে যেতে পারে এবং তখন পরিস্থিতি জীবনসংকট তৈরি করে। বিষক্রিয়াটি সাধারণত কয়েকটি ধাপে বাড়ে।
প্রথম ধাপে বমি, পেটব্যথা, অস্বস্তি বা ঘুম ঘুম ভাব দেখা যায়—যা দেখে অনেক সময় বিষয়টি গুরুতর মনে হয় না।
দ্বিতীয় ধাপে লিভারের ক্ষতি শুরু হয় এবং রক্ত পরীক্ষায় এর লক্ষণ ধরা পড়ে।
তৃতীয় ধাপে মারাত্মক লিভার নষ্ট হয়ে যেতে পারে, তখন অপারেশন বা লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া বাঁচানো কঠিন হয়ে পড়ে।
হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্তদের বেশিরভাগই ১১ থেকে ১৪ বছরের মধ্যে এবং তারা আত্মহত্যার উদ্দেশ্যে নয়, বরং “চ্যালেঞ্জ” হিসেবে এটি করেছে—যা বিষয়টিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বিশেষজ্ঞদের পরামর্শ দিয়েছেন, অভিভাবকদের সন্তানের আচরণে হঠাৎ পরিবর্তন, বমি, পেটব্যথা, অতিরিক্ত ঘুম বা ওষুধের অস্বাভাবিক ব্যবহার দেখলে দ্রুত সতর্ক হতে হবে এবং প্রয়োজন হলে হাসপাতালে নিতে হবে। একই সঙ্গে শিশুদের সঙ্গে খোলামেলা কথা বলে এসব বিপজ্জনক অনলাইন চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন করতে হবে।
সবশেষে চিকিৎসকদের সতর্কবার্তা—প্যারাসিটামল সাধারণ ও নিরাপদ ওষুধ হলেও ভুলভাবে বা অতিরিক্ত খেলে তা সরাসরি মৃত্যুর কারণ হতে পারে, তাই এটিকে কখনোই খেলা বা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া যাবে না।