নোয়াখালীর কোম্পানীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছয়জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে বসুরহাট বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুছাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সোহেল, সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদনগর গ্রামের সিরাজুল হক মঞ্জু ও হুমায়ুন কবির, একই গ্রামের শেখ ফরিদ এবং চর হাজারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শরিয়ত উল্যাহ মিলন ও জাহাঙ্গীর আলম। তাঁরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে আওয়ামী লীগের ১০ থেকে ১৫ জন নেতা–কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার প্রস্তুতি নিলে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের পাঠানো হয়েছে।