দীর্ঘ তিন মাস বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে নামছে বাংলাদেশ জাতীয় দল। সর্বশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছিল টাইগাররা। এরপর টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কথা থাকলেও অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে ভারত সফরে দল না পাঠানোয় সেই আসরে খেলা হয়নি লিটন দাসদের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আগামী ১১ মার্চ ঢাকায় শুরু হবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সফরকারী দল ৯ মার্চ রাজধানীতে পৌঁছাবে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। ১১, ১৩ ও ১৫ মার্চ দিবারাত্রির এই তিনটি ম্যাচ বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে। সিরিজ শেষ করে ১৬ মার্চ ঢাকা ছাড়বে পাকিস্তান দল।
এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াই। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দলের মধ্যে থাকতে পারলেই মিলবে বিশ্বকাপের টিকিট। বর্তমানে বাংলাদেশ অবস্থান করছে ১০ নম্বরে।
এ বছর সব মিলিয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার সূচি রয়েছে বাংলাদেশের, যা র্যাঙ্কিং উন্নত করার দৌড়ে বড় সুযোগ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট।