বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে ঢাকা–নয়াদিল্লির বহুমাত্রিক সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে ভারতের।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের বিষয়টি আবারও আলোচনায় আসে। অন্তর্বর্তী সরকারের সময় কিছুটা দূরত্ব তৈরি হলেও ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার গঠনের মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে কূটনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালু করেছে।
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ইতিবাচক দিক নির্দেশ করে। সফরকালে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা পৌঁছে দেন। ওই বার্তায় গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় ভারতের সমর্থনের কথা উল্লেখ করা হয়।
ভিসা কার্যক্রমসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে পর্যায়ক্রমে আলোচনা চলবে বলেও জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বিশ্লেষকদের মতে, পারস্পরিক যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বাড়ার মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক ধারায় ফিরছে।