জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমান-এর অন্তর্ভুক্তি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খলিলুর রহমান যদি বিএনপির সরকারে মন্ত্রী হন, তাহলে প্রশ্ন উঠবে—অন্তর্বর্তী সরকারে থাকার সময় তিনি কি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন? নির্বাচনে যে ‘ইঞ্জিনিয়ারিং’-এর কথা আমরা বলছি, এটি তার প্রমাণ।”
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে এনসিপির আসন কমিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দল দুই-তৃতীয়াংশ আসন পেয়েছে পরিকল্পিতভাবে, যাতে সংবিধান সংস্কারের উদ্যোগ বাধাগ্রস্ত হয়।
তার ভাষায়, “পরিকল্পিতভাবে আমাদের অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি একটি বড় ইঞ্জিনিয়ারিং।”
তিনি আরও দাবি করেন, সরকার সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায়ের প্রতি অবজ্ঞা দেখিয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, জুলাই জাতীয় সনদের নির্দেশনায় বলা ছিল—গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যা আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি করতে পারে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।