জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য—দুই পদেই শপথ নিয়েছেন। দলটির নির্বাচিত ছয় সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটে পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তারা শপথ নিয়েছেন।
সংসদ সদস্য হিসেবে তাঁদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এর আগে দলীয় সূত্রে জানা গিয়েছিল, এনসিপির নির্বাচিত সদস্যরা শপথ নাও নিতে পারেন। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি—এ বিষয়টি বিবেচনায় রেখে এনসিপি সিদ্ধান্তহীনতায় ছিল।
একই ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা জানায়। তবে পরে দুপুরে তারা জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য—উভয় পদেই শপথ গ্রহণ করে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে বিভিন্ন দলের অবস্থান ও কৌশলগত সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।