ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়লাভ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও তিনি কেবল একটি আসন রাখতে পারবেন। এ সিদ্ধান্তে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার লিখিত চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, চিঠি তারা পেয়েছেন, তবে গেজেট এখনও প্রকাশিত হয়নি।
আইন অনুসারে, একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে কোন আসন রাখতে চান তা জানাতে হবে। সময়মতো সিদ্ধান্ত না নিলে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করবে নির্বাচন কমিশন।