চৌদ্দগ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে সুমাইয়া তাবাসসুম নামে চার বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া তাবাসসুম বসন্তপুর গ্রামের প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় মেয়ে।
প্রতিবেশীরা জানান, বিকেল ৫টা থেকে সুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ৮টার পর পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটি ঘুরতে গিয়ে পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।