তেরেঙ্গানু রাজ্যে বৃহৎ এক অভিযানে ২২২ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া অভিযান বিকাল ৫টা পর্যন্ত চলে।
অভিযানে ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জনশক্তি বিভাগ (জেটিকে) এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি)-এর মোট ৬৪ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ জানান, অভিযানকালে মোট ৩১৬ জন বিদেশিকে তল্লাশি করে ২২৬ জনকে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ২২২ জন বাংলাদেশি, তিনজন ইন্দোনেশিয়ার নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
প্রাথমিকভাবে গ্রেপ্তারদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে, সেগুলো হলো—ব্যক্তিগত নথিপত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এবং ভিসার অপব্যবহার। তারা ইমিগ্রেশন আইন ১৯৬৩ রেগুলেশনের ৩৯(বি) ধারা অনুযায়ী অপরাধ করেছেন বলে জানানো হয়।
মোহাম্মদ ইউসরি আরও জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের অধীনে ৪১৫ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন।
গ্রেপ্তারদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালা বেরংয়ের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।