ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ব্রাদার্স ইউনিয়ন-এর আহ্বায়ক ইশরাক হোসেন বলেছেন, জাতীয় দলের সাবেক দুই তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা-র বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি।
একটি টেলিভিশন সাক্ষাৎকারে ইশরাক বলেন, “তারা শুধু ক্রিকেটার নন, দেশের অ্যাসেট। আমি তাদের ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা হয়েছে, সেটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। আমার মনে হয়নি তারা কোনো আদেশ বাস্তবায়ন করেছে বা নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে।”
মাশরাফি অনেক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অন্যদিকে, জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর সাকিব আল হাসানের নামেও একাধিক মামলা হয় এবং তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সর্বশেষ নির্বাচন নিয়েও প্রশ্ন তোলেন ইশরাক। তার অভিযোগ, কাউন্সিলর নিয়োগ প্রক্রিয়ায় জেলা প্রশাসকের সম্পৃক্ততা পক্ষপাত ও অনিয়মের জন্ম দেয়।
তবে নিজে বোর্ড রাজনীতিতে আসার আগ্রহ নেই বলেও জানান তিনি। “আমি ফুলটাইম রাজনীতি করতে চাই। ক্রীড়া সংগঠকরা বোর্ড পরিচালনা করুন, আমরা সহায়তা করব,”—যোগ করেন ইশরাক।