রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোস্তফা (৫০), নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ময়দার মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের নামাজ আদায়ের উদ্দেশ্যে মোস্তফা বাসা থেকে বের হন। খোঁজাপুর গোরস্থান এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই মোস্তফা মারা যান। তার ডান পায়ে গুলির চিহ্ন রয়েছে এবং মাথায়ও আঘাত আছে। চিকিৎসকের ধারণা, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের কোনো রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়নি। তবে এখনো স্পষ্ট নয়, কে বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।