স্পেনের কাতালুনিয়া রাজ্যের রিপোল (জিরোনা) পৌরসভা জানিয়েছে, একজন নাবালিকা মেয়ের ওপর যৌন নির্যাতনের অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে কাতালান পুলিশ।
মসোস দ’এসকোয়াদ্রা নিশ্চিত করেছে যে, বৃহস্পতিবার উক্ত নাবালিকার ওপর যৌন হামলার অভিযোগে আটক করা হলেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে তথ্য প্রকাশে অভ্যন্তরীণ নিয়ম থাকায় আটক ব্যক্তির পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
পৌরসভা বলেছে, এত গুরুতর একটি ঘটনায় সরকারি মাধ্যমে তাদেরকে জানানো হয়নি—এতে তারা গভীর অসন্তোষ প্রকাশ করছে।
রিপোলের মেয়র ও আলিয়াঞ্জা কাতালানা দলের নেতা সিলভিয়া অরিওলস এ বিষয়ে কাতালোনিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী নুরিয়া পারলন-এর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে নয়, অন্য একটি সূত্র থেকে তিনি গ্রেপ্তারের খবর জেনেছেন, যা তার কাছে অগ্রহণযোগ্য।
পৌরসভা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আইনি সহায়তা এবং মানসিক ও সামাজিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, এই একই মসজিদে আগে খুতবা দিতেন আবদেল বাকি এস সত্তি, যিনি ২০১৭ সালে বার্সেলোনা ও কামব্রিলস–এ সংঘটিত হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি রিপোলের কয়েকজন তরুণকে নিয়ে একটি জঙ্গি চক্র গঠন করেছিলেন।