চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকায় হাতবোমা তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি বসতঘরে বোমা তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিস্ফোরণের প্রায় ১০ ঘণ্টা পরও মরদেহ দুটি ঘরের ভেতরেই পড়ে ছিল, কারণ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেখানে পুলিশ, বিজিবি, সিআইডি ও র্যাবের বোম ডিসপোজাল ইউনিট তদন্ত ও আলামত সংগ্রহের কাজ শুরু করে।
আহত তিনজনের নাম বজলুর রহমান, মিনহাজ ও শুভ বলে জানিয়েছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছরের মধ্যে। প্রথমে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিস্ফোরণের তীব্রতায় ঘরটির টিনের চালা উড়ে যায় এবং ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের দাবি, বাড়ির লোকজন বাইরের কারিগর এনে বোমা তৈরি করছিলেন। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্তে সম্পৃক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।