ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ প্রস্তাব জয়লাভ করেছে। দেশব্যাপী এই গণভোটে মোট প্রাপ্ত ভোটের হার ৬০.২৬ শতাংশ হয়েছে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ‘হ্যাঁ’ পক্ষে ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং ‘না’ পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন ভোটার। সংসদ নির্বাচনে ভোটহার ৫৯.৪৪ শতাংশ ছিল।
সংসদ নির্বাচনের তুলনায় গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করে আখতার আহমেদ বলেন, আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ নির্বাচনের ফলাফল স্থগিত থাকলেও সেখানে গণভোট হয়েছে। এ দুই আসনের ভোট গণভোটের সামগ্রিক ফলাফলে যুক্ত হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একটি সমন্বিত গেজেটে প্রকাশ করা হবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত হার্ডকপি পাওয়ার পর যাচাইয়ে দ্রুত গেজেট প্রকাশিত হবে।