ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা জয় পেয়েছেন। বৃহস্পতিবার রাতে ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট পড়েছে ৫৮.৮২ শতাংশ। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭২ হাজার ৬৯১ জন এবং কেন্দ্র ছিল ১৪২টি।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন এবং ভোটকেন্দ্র ৯১টি। ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫৫ শতাংশ।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ৮১ হাজার ৪১৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯ জন, কেন্দ্র ১০১টি এবং ভোট পড়েছে প্রায় ৬১ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। এ আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৩.০৬ শতাংশ। মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং কেন্দ্র ১৬২টি।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এখানে ভোটার উপস্থিতি ছিল ৪৯.০৫ শতাংশ। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ জন এবং কেন্দ্র ১৬৭টি।
জেলার পাঁচটি আসনের অধীনে পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের ৬৬৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।