স্পেনের কাতালুনিয়া অঞ্চলে প্রবল ঝড়ো হাওয়ার আশঙ্কায় রেড এলার্ট জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রোটেকসিও সিভিল পুরো কাতালুনিয়ার জনগণের মোবাইলে জরুরি সতর্কবার্তা ‘ইএস-অ্যালার্ট’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বার্তায় ঝড়ো বাতাসজনিত সম্ভাব্য বিপদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হবে।

কাতালুনিয়া সরকার জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বৃহস্পতিবার সারাদেশে সব ধরনের শিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একই সঙ্গে খেলাধুলা সংক্রান্ত সব কার্যক্রম এবং জরুরি নয়—এমন স্বাস্থ্যসেবাও সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
কাতালুনিয়ার স্বরাষ্ট্র ও জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী নুরিয়া পারলন জানিয়েছেন, খুব শক্তিশালী ঝড়ো হাওয়া আসছে এবং বৃহস্পতিবার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি জরুরি সমন্বয় কেন্দ্রের বৈঠক শেষে এসব তথ্য জানান।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এই ঝড়ের তীব্রতা ২০১৪ সালের ঝড়ের মতো হতে পারে। ওই সময় টেরাসা শহরে দেয়াল ধসে দুইজনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবার সর্বোচ্চ সতর্কতা নেওয়া হচ্ছে।
সরকার জনগণকে অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে। সম্ভব হলে সব ক্ষেত্রে ঘরে বসে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ ঝড়ের কারণে দুর্ঘটনা ও যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে।
কর্তৃপক্ষ জানায়, এসব জরুরি ব্যবস্থা বৃহস্পতিবার রাত ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত কার্যকর থাকবে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও নির্দেশনা দেওয়া হবে।