ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে ভোটদান করতে এবং ফলাফল যাই হোক না কেন তা মেনে নিতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচন গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছানোর প্রতীকী মুহূর্ত।
ভাষণে সিইসি মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন এবং তাদের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, এই নির্বাচন ভোটদান কেবল নাগরিক অধিকারই নয়, বরং একটি পবিত্র দায়িত্ব। সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করুন এবং রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটার হিসেবে শান্তি-সৌহার্দ্য রক্ষায় যত্নশীল হোন।
গণতন্ত্রে ভিন্নমত স্বাভাবিক বিষয় উল্লেখ করে সিইসি বলেন, সকলে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যান, পছন্দের প্রার্থীকে ভোট দিন এবং জয়-পরাজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ফল হিসেবে মেনে নিন। ভোটার, প্রার্থী, নির্বাচনকর্মী, আইনপ্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক ও সেবা প্রদানকারী সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যক্তিগত কষ্ট তুচ্ছ করে এই মহতী ব্যবস্থাকে সফল করুন।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সহযোগিতা চেয়ে সিইসি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের জন্য নির্বাচনকর্মী, ম্যাজিস্ট্রেট ও আইনপ্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। তিনি সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, মহান আল্লাহ আমাদের সহায় হোন।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত রয়েছে এবং পরে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে।