ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের ৬৬৩টি ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম ও ব্যালট পেপার। বুধবার সকাল ১০টা থেকে জেলার ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসব সামগ্রী গ্রহণ করেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মোট ৬৬৩টি কেন্দ্রের মধ্যে ৩৯৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
জেলার পাঁচটি আসনের আওতায় রয়েছে পাঁচটি পৌরসভা ও ৭১টি ইউনিয়ন। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২৩৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩০৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ হাজার ৯৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩৬ জন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।