আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের সমর্থনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হবে।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার অভিজ্ঞতা তুলে ধরে তারেক রহমান বলেন, মানুষের প্রত্যাশা পূরণ করাই এখন তার বড় দায়িত্ব। দেশে ফেরার কিছুদিনের মধ্যেই মায়ের মৃত্যু এবং একই সময়ে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার বিষয়টি তার জন্য কঠিন চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
সাক্ষাৎকারে দলীয় ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বিএনপি চেয়ারম্যান জানান, তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীসহ সমাজের সব শ্রেণির মানুষের জন্য আলাদা পরিকল্পনা রাখা হয়েছে। সবার অংশগ্রহণ নিশ্চিত করে দেশ পরিচালনার অঙ্গীকার করেন তিনি।
নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, অতীতে মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার যে সুযোগ চালু হয়েছিল, তা আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিম্নআয়ের পরিবারের গৃহিণীদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি চালুর কথাও জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, জাতীয় স্বার্থই হবে পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। দেশের স্বার্থের পরিপন্থী কোনো চুক্তি হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থান নেওয়া হবে।
এ ছাড়া গত দেড় দশকে আলোচিত গুম ও হত্যার ঘটনাগুলোর বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন বিএনপি চেয়ারম্যান। তার ভাষায়, আইনের শাসন প্রতিষ্ঠাই হবে তাদের প্রধান অঙ্গীকার।