বিয়ের আশ্বাসে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার পর বিচারক এই পরোয়ানা জারির নির্দেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, এক নারীকে চলচ্চিত্রে নায়িকা বানানোর আশ্বাস এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলেন হিরো আলম। পরবর্তীতে তিনি ওই নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন এবং জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী নারী ২০২৫ সালের ২১ এপ্রিল এ মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে হিরো আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।