ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান তাঁর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয়ের পাশে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে নিয়াজ আহমেদ খান বলেন, দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়েছে বলে তিনি মনে করছেন। বিশ্ববিদ্যালয় বর্তমানে তুলনামূলক স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে, তাই এ পর্যায়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান।
তিনি দায়িত্ব গ্রহণের সময়কার প্রেক্ষাপটও তুলে ধরেন। ২০২৪ সালের আগস্টের শেষ দিকে এক সংকটময় পরিস্থিতিতে তিনি উপাচার্যের দায়িত্ব নেন বলে জানান। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল, আবাসিক হলগুলোর পরিস্থিতি ছিল অনিশ্চিত এবং প্রশাসনিক কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। এমন অবস্থায় প্রথম লক্ষ্য ছিল শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা এবং প্রতিষ্ঠানকে স্থিতিশীলতায় ফেরানো।
নিয়াজ আহমেদ খানের দাবি, প্রায় দেড় বছর পর বিশ্ববিদ্যালয় এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও সামগ্রিকভাবে উন্নতির ধারা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমর্থনে সংকটকাল অতিক্রম করা সম্ভব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে দায়িত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করলেও তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যেন নেতৃত্বে হঠাৎ শূন্যতা তৈরি না হয় এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকে, সে বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকার বা সংশ্লিষ্ট মহল প্রয়োজন মনে করলে, স্বার্থের প্রশ্নে কিছু সময় দায়িত্বে থাকার বিষয়টিও তিনি বিবেচনা করতে প্রস্তুত আছেন।