আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক অঞ্চলসহ আশপাশের ছয়টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে বিজিবি মারিশ্যা জোনের হেলিপোর্ট থেকে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টারে এসব সামগ্রী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবহন কার্যক্রম শুরু হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আমেনা মারজান জানান, দুর্গম পাহাড়ি এলাকা এবং সীমিত যোগাযোগ ব্যবস্থার কারণে এসব কেন্দ্রে স্থলপথে পৌঁছানো সম্ভব নয়। তাই আকাশপথে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
যেসব দুর্গম কেন্দ্রে সরঞ্জাম পাঠানো হচ্ছে সেগুলো হলো— দোজর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদহ লুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইসুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নিউলংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি-২৯৯ আসনে এবার সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাঘাইছড়ি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ৩৪৪ জন।
দুর্গম এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির ১৩টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাতটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।