ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হয়েছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার মধ্যে সব ধরনের প্রচার কার্যক্রম বন্ধ করা হয়। এর আগে গত ২২ জানুয়ারি থেকে টানা ২০ দিন ধরে প্রার্থীরা প্রচারণা চালান।
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলবে।
এদিকে জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের দলীয় প্রার্থী নুরুজ্জামান বাদল গত ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখার বিধান রয়েছে। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৮ ধারায় উল্লেখ রয়েছে, নির্ধারিত সময়ের আগে প্রচারণা শুরু করা যাবে না এবং ভোটগ্রহণের আগের ৪৮ ঘণ্টার মধ্যে তা সমাপ্ত করতে হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আইন অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকেই রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রচার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী। সারা দেশে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।
রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ২৫৮ জন প্রার্থী দিয়েছে। জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৯ জন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ১৯৮ জন এবং জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীক নিয়ে ৩২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।