স্পেনের গ্রান ক্যানারিয়া দ্বীপের তেলদে শহরে রোগীদের যৌন নিপীড়নের অভিযোগে ৫৮ বছর বয়সী এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে জাতীয় পুলিশ। অভিযুক্ত চিকিৎসক এর আগেও একই ধরনের অপরাধে ২০১০ সালে দণ্ডিত হয়েছিলেন। পুলিশ বলছে, তিনি পুনরায় অন্তত দুই নারী রোগীর সঙ্গে যৌন নিপীড়নে জড়িয়েছেন। ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের তথ্যমতে, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আসে তাঁর চেম্বারে চিকিৎসা নিতে আসা রোগীদের কাছ থেকে। তারা জানান, চিকিৎসার সময় তিনি অনাকাঙ্ক্ষিত স্পর্শ ও যৌন আচরণ করেন। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
জানা গেছে, চিকিৎসকটি আগের সাজা ভোগ করার পরও আদালতের দেওয়া দূরত্ব বজায় রাখার আদেশ লঙ্ঘন করেন। এ কারণে তাঁকে ২০১৬ সালেও একবার গ্রেপ্তার করা হয়েছিল।
নতুন মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিলের মধ্যে অভিযুক্ত ব্যক্তি নিজের পেশাগত ক্ষমতার অপব্যবহার করে দুই নারী রোগীর ওপর যৌন হামলা চালান। ওজন কমানোর চিকিৎসার অজুহাতে এসব কাজ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিকিৎসক নিজের অবস্থান ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করতেন, যাতে ভুক্তভোগীরা ভয় ও বিভ্রান্তিতে পড়ে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ করতে পারতেন না। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়েছে এবং তদন্ত এখনো চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ ভুক্তভোগী হয়ে থাকলে তারা যেন তেলদে থানার পরিবার ও নারী সহায়তা ইউনিটে যোগাযোগ করেন। এ জন্য দুটি ফোন নম্বর চালু করা হয়েছে—৯২৮ ৭০৪ ১৩৭ ও ৯২৮ ৭০৪ ১৩৯।